
প্রিয় ব্লগার,
গৌরবময় বিজয় মাসের শুভেচ্ছা নিন। আসছে ১৯শে ডিসেম্বর, সোমবার, ২০১১, বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বাংলা ব্লগ দিবস। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
ব্লগিং এর শক্তি ও সম্ভাবনাকে আরো নিবিড়ভাবে বিস্তৃতির জন্য বিগত দুই বছর যাবৎ বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং এর জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগের যাত্রা শুরু হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত পালিত হয় বাংলা ব্লগ দিবস। বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মের সাথে পরিচয়, ব্লগারদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ব্লগের সাথে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিতে দিবসটি ইতিমধ্যে ভূমিকা রাখতে শুরু করেছে। এবছর ১৯শে ডিসেম্বর পালিত হচ্ছে ৩য় বাংলা ব্লগ দিবস।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন’।
*********************************
অনুষ্ঠানস্থল: পাবলিক লাইব্রেরি, সম্মেলন কক্ষ, নীচ তলা
সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
*********************************
উদযাপনে শামিল ১৩টি কমিউনিটি প্ল্যাটফর্ম:
১. উন্মোচন
২. একুশে ব্লগ
৩. প্রজন্ম ফোরাম
৪. কমজগত ব্লগ
৫. মুক্ত ব্লগ
৬. প্রথমআলো ব্লগ
৭. বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ব্লগ
৮. প্রিয় ব্লগ
৯. টেকটিউনস ব্লগ
১০. দৃষ্টিপাত
১১. বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ব্লগ (ব্লগ সাইট নির্মানাধীন )
১২. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
১৩. সামহোয়্যারইন…ব্লগ
এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ
১. অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ
২. ডঃ আনিসুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ
৩. জনাব মোঃ নজরুল ইসলাম খান, প্রধান মন্ত্রীর একান্ত সচিব-১ এবং জাতীয় প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম
৪. অধ্যাপক গোলাম রহমান, সামাজিক গণযোগাযোগ বিশেষজ্ঞ
৫. জনাব আনীর চৌধুরী, পলিসি উপদেষ্টা, এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়
৬. জনাব আসিফ সালেহ, পরিচালক কমিউনিকেশন এবং প্রধান, সামাজিক উদ্ভাবন কেন্দ্র
৭. জনাব জাকারিয়া স্বপন, প্রতিষ্ঠাতা ও সি.ই.ও., প্রিয়.কম
আয়োজনটি সম্পূর্ণ উন্মুক্ত। প্রয়োজন নেই কোন নিবন্ধনের! অনুষ্ঠানে ব্লগাররাই সঞ্চালক, বক্তা এবং অতিথি। এছাড়া বাংলা ব্লগ দিবস অনলাইনের সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত।
অনলাইনে/অফলাইনে যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এই অনষ্ঠানে বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্ম একটি নির্ধারিত সময় জুড়ে তাদের নিজ নিজ ব্লগের বৈশিষ্ট্য ও অর্জন উপস্থাপন করবে এবং ব্লগারদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেবে। বাংলা কমিউনিটির সাথে যুক্ত ১ লাখ ৫০ হাজারেরও বেশি ব্লগার। তাঁরা অনেক খবরকে ব্লগের মাধ্যমেই প্রথমে প্রকাশ করেছেন। সমাজের অনেক অন্ধকার দিক, অচেতন জায়গার কথা যা প্রথাগত মিডিয়া তুলে ধরতে দ্বিধা করেছে, তা কখনো নিরপেক্ষ বক্তা অথবা কখনো সিটিজেন জার্নালিজম এর চেতনায় ব্লগে প্রকাশিত হয়েছে। এই আয়োজনে সে সবের স্বীকৃতি থাকবে।
বাংলাদেশের সাইবার পরিসরে ব্লগের ভূমিকা অগ্রগণ্য। আমরা আশা করছি এই অনুষ্ঠান হয়ে উঠবে ব্লগার ও নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিদের একটি মিলন মেলা। যেখানে থাকবে অনলাইনে যুদ্ধাপরাধের পক্ষের তৎপরতা নিষিদ্ধসহ সকল বাক স্বাধীনতা ও গণজাগরণের নিশ্চয়তার কথা। এভাবেই পলিসি এবং সাইবার আইনের পরিকাঠামো নির্মাণে উভয় পক্ষের এই যোগাযোগ অর্থবহ হয়ে উঠবে।
আপনাদের স্বর্তস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কামনা করা হচ্ছে। [১৯ ডিসেম্বর ৩য় বাংলা ব্লগ দিবস উদযাপন সম্পর্কিত ফেসবুক পাতা দেখতে ক্লিক করুন]
ধন্যবাদ ও শুভেচ্ছা।
ব্লগ টিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ব্লগপোষক
ব্লগাভিভূত ব্লগাভাষ ব্লগাভাস
------------------
ব্লগে অভিভূত = ব্লগাভিভূত
ব্লগিং পূর্বাভাষ(ভূমিকা) = ব্লগাভাষ
ব্লগিং আভাস(পূর্বাভাস) = ব্লগাভাস
ব্লগ টিমকে লিখুন: blog.bdnews24.com@gmail.com
ব্লগে যোগদান করেছেন:
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০১১
স্থান :ব্লগোস্ফিয়ার

ব্লগ দিবস সফল হোক, আয়োজকদের আন্তরিক ভালোবাসা…
প্রিয় ব্লগার অন্যমাত্রা, ৩য় বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। ব্লগ দিবস নিয়ে বিভিন্ন ব্লগের ব্লগাররা যেমন স্ব স্ব মনোভাব ব্যক্ত করছেন, তেমনি পত্রিকাতেও ব্লগ দিবসের সংবাদ প্রকাশিত হয়েছে। [আজ তৃতীয় বাংলা ব্লগ দিবস, দৈনিক প্রথম আলো, ১৯ ডিসেম্বর ২০১১]
আশা করি এবারে সম্মিলিত ভাবে আয়োজন করায় অনুষ্ঠানটি অনেক সুন্দর হবে…..নির্দ্দিষ্ট কোন ব্লগের প্রাধান্য থাকবে না।
প্রিয় ব্লগার মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী, সকল ব্লগারদের সরব উপস্থিতিই আপনার পরামর্শকে মেনে চলতে উদ্বুদ্ধ করবে। ৩য় বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। ব্লগ দিবস নিয়ে বিভিন্ন ব্লগের ব্লগাররা যেমন স্ব স্ব মনোভাব ব্যক্ত করছেন, তেমনি পত্রিকাতেও ব্লগ দিবসের সংবাদ প্রকাশিত হয়েছে। [আজ তৃতীয় বাংলা ব্লগ দিবস, দৈনিক প্রথম আলো, ১৯ ডিসেম্বর ২০১১]
আপডেট:
বিপুল সংখ্যক ব্লগার এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে ব্লগ দিবস উদযাপিত হয়েছে।
বাংলা ব্লগ দিবসকে প্রাধান্য দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্লগারদের সুবিধার্তে লিংক যোগ করা হলো -
১। গণজাগরণে সোশ্যাল মিডিয়া ও সাইবার আইন, বাংলানিউজ টোয়েন্টিফোর.কম, ১৯ ডিসেম্বর ২০১১
২। সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন, দৈনিক প্রথম আলো, ১৯ ডিসেম্বর ২০১১
৩। জাতীয় স্বার্থে সোচ্চার হতে শেখায় ব্লগ: জানা, বাংলানিউজ টোয়েন্টিফোর.কম, ১৮ ডিসেম্বর ২০১১
এই ব্লগের আইডিয়া ভালো
কিন্তু পাঠক থাকলেও মন্তব্য কম 
আপনাদের প্রচার এর জন্য পদক্ষেপ কি কি ??
প্রিয় ব্লগার লোরক,
মন্তব্য, বলা ভাল বস্তুনিষ্ঠ মন্তব্য, প্রদানে ব্লগারদের একে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। পোস্ট শেয়ারের বিভিন্ন সুবিধা ব্লগে দেয়া আছে, তা ব্যবহার করে ব্লগাররা তাদের পোস্ট লিংক ছড়িয়ে দিতে পারেন ওয়েবস্ফিয়ারে।
ইতিমধ্যে ব্লগ টিম থেকে ব্লগারদের সাথে অনাড়ম্বরভাবে কয়েকবার মত বিনিময় আড্ডা আয়োজন করা হয়েছিল। ব্লগের উদ্বোধন হয়েছিল, গতবছর একুশে বইমেলায়। এবার এক বছরপূর্তিকে সামনে রেখে ব্লগারদের একত্রিত করার একটি উদ্যোগ নেয়া হবে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, আগামি একুশে বই মেলাকে সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের ব্লগাররা নির্বাচিত পোস্ট নিয়ে ব্লগ সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে।
নিজেদের মধ্যে মত ও দ্বিমত আদান-প্রদান বাড়াতে প্রত্যেক ব্লগারের নিজস্ব স্পৃহার বিকল্প নেই। তাই ব্লগ টিম আশা করে ব্লগাররা তাদের উদ্যম বজায় রাখবেন।
আপনাকে ধন্যবাদ।