ক্যাটেগরিঃ নগর কথা

ভোলা জেলাকে কোভিড-১৯ মুক্ত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে এক তরুণের গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন  ‘চিলেকোঠা’।  এর প্রধান সাব্বির মুন্না পেশায় একজন ইঞ্জিনিয়ার।
এখনও নিজস্ব অর্থায়নে কাজ করছে এই সংগঠনটি। ভোলায় স্থানীয়দের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সচেতনতা গড়ে তুলছে তারা।
পুলিশের সহযোগিতায় এলাকায় বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাচ্ছে চিলেকোঠা। এছাড়াও কাঁচা বাজার ও জনসমাগমে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক-গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার নিয়ে সবাইকে সচেতন হলে বলছে।
রিকশা বা মটর সাইকেলে একজনের বেশি আরোহী না নিতে সচেতনতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে প্রায় ৩০০ পরিবারের মধ্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই সংগঠনটি। এই সময় ভোলার প্রত্যন্ত অঞ্চলে গিয়েও তারা জরুরি সেবা পৌঁছে দিয়েছেন।
লুকিয়ে আসা বহিরাগতদের শনাক্ত করে জেলা প্রশাসকের সহায়তায় তাদের কোয়ারেন্টাইন নিশ্চিতেও ভূমিকা রাখছে  সাব্বির মুন্নার সংগঠন চিলেকোঠা।
চিলেকোঠার কার্যক্রম নিয়ে সাব্বির মুন্না বলেন, “এই যুদ্ধ আমাদের । সবাইকে একসাথে মিলে দেশকে করোনামুক্ত করতে হবে। প্রকৃত বীর সেই যে দেশের বিপদে নিজেকে বিলিয়ে দিতে পারে, এই যুদ্ধে আমাদের জিততেই হবে।”
জাতির এই দুঃসময়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি সচেতন তরুণেরা এগিয়ে এসে নিজ জেলা ও এলাকাকে সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন, এই প্রত্যাশা চিলেকোঠা সংগঠনের।

ট্যাগঃ:

মন্তব্য ০ পঠিত